নিজস্ব প্রতিবেদক
কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে নেমে ইসমাইল (১২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ইসমাইল তার তিন বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে সে পানির নিচে ডুব দিলে আর উপরে উঠে আসেনি।
বিষয়টি টের পেয়ে ঘাটে থাকা এক নৌকার মাঝি তাকে উদ্ধারের জন্য নদীতে ঝাঁপ দেন। তবে অনেক চেষ্টা করেও ইসমাইলকে খুঁজে পাওয়া যায়নি।
পরে স্থানীয়রা তার পরিবারকে খবর দিলে বাবা ইব্রাহিম, মা ও স্বজনরা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হলে ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে।
ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা মাত্র ২ থেকে ৫ মিনিটের চেষ্টায় নদী থেকে ইসমাইলের মরদেহ উদ্ধার করেন।
নিহত ইসমাইল (১২) তার বাবা ইব্রাহিমের সঙ্গে কেরানীগঞ্জের গোলজারবাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের আহ্বান, শিশুদের নদী বা জলাশয়ে গোসলের সময় অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন।








