নারী-শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে: নিপুণ রায়

নিজস্ব প্রতিবেদক

ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী বলেছেন, নারী ও শিশু নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে কেরানীগঞ্জকে মাদকমুক্ত রাখতে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সকাল ১১টায় কেরানীগঞ্জ উপজেলার ঢাকা-৩ আসনে নারী ও শিশুদের ওপর নির্যাতন, যৌন হয়রানি, গুম ও হত্যার বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত মতবিনিময় ও সচেতনতা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিপুণ রায় চৌধুরী বলেন, “আমাদের এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে হবে, যেখানে সবাই নারী-শিশু নির্যাতন ও মাদক নিয়ে খোলামেলা কথা বলতে পারে।” একটি শিশুর নিরাপদ শৈশব এবং একজন নারীর মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।

তিনি মাদকের ভয়াবহতা তুলে ধরে বলেন, মাদক শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার ও পুরো সমাজব্যবস্থাকেই ধ্বংস করে দেয়। তাই এ বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “কেরানীগঞ্জে কোনো মাদকসেবী থাকতে পারবে না। যে হাত যত লম্বাই হোক না কেন, সে যদি আমাদের সংগঠনেরও হয়, তবু ছাড় দেওয়া হবে না। তাকেও আইনের আওতায় আনা হবে।”

তিনি আরও জানান, বর্তমান সরকার মাদকবিরোধী আইন এই বাজেটের পরই খুব শীঘ্রই কার্যকর ব্যবস্থা নেবে।

তিনি শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে গুম ও বিচারবহির্ভূত হত্যার বিরুদ্ধে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বান জানান।

সভায় শিক্ষার্থী ও অভিভাবকদের সচেতনতা বাড়াতে স্কুল-কলেজে নিয়মিত কাউন্সেলিংয়ের ব্যবস্থা চালুর পরামর্শ দেন নিপুণ রায়। পাশাপাশি ইমাম ও পুরোহিতদের জুমার খুতবা ও ধর্মীয় প্রার্থনায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য দেওয়ার আহ্বান জানান তিনি।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুকের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওমর ফারুক কেরানীগঞ্জবাসীকে সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিতে প্রতিটি পরিবার ও সমাজকে সজাগ থাকতে হবে। তিনি সবাইকে গুজবে কান না দিয়ে সন্দেহজনক কিছু দেখলে দ্রুত প্রশাসনকে জানানোর পরামর্শ দেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল সাত্তার বেগ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রাশেদ খান এবং দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবুসহ আরও অনেকে।

Share this news as a Photo Card

০৯ জুন ২০২৬

নারী-শিশু নির্যাতন প্রতিরোধে ঐক্যবদ্ধ হতে হবে: নিপুণ রায়

voiceofkeranigonj.com