নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঢাকা -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, “আমরা প্রকৃতপক্ষে জনগণের সেবক। জনগণের সেবা করাই আমাদের উদ্দেশ্য। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক। তার আদর্শ ও সততা আমাদের অনুপ্রাণিত করে।”
তিনি আরও বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও স্বাধীনতার ঘোষক। তার আদর্শ, তার নীতি ও তার সততা আমাদেরকে অনুপ্রাণিত করে। আমরা তার গড়া দলের কর্মী হিসেবে গর্বিত। আমরা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৈনিক। তিনি যেভাবে একটি আদর্শ রাষ্ট্র গঠনের জন্য কাজ কওে গেছেন সেভাবে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে গড়ার জন্য কাজ করে যাচ্ছেন।
ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান বলেছেন,প্রধানমন্ত্রী তারেক রহমান যে প্রতিশ্রুতি দেয় তা তিনি বাস্তবায়ন করেন। নির্বাচনের পূর্বে যে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন নির্বাচনের পরে সেগুলো একে একে তা তিনি বাস্তবায়ন করতে শুরু করেছেন। ইতিমধ্যেই তিনি দরিদ্র ও অসহায়দের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড বিতরণ করেছেন। কৃষকদের জন্য দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করে দিয়েছেন। মসজিদের ইমাম, খাদেম, মোয়াজ্জিন ও হিন্দু সম্প্রদায়ের পুরোহিতের উৎসব ভাতা প্রদান করেছেন। সারাদেশে খালখনন কর্মসূচি শুরু করেছেন। আগামীতে দেশের উন্নয়নের জন্য যা যা করা দরকার তাই তিনি করবেন। তিনি আজ বিকেলে ৪ টায় কেরানীগঞ্জের আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয়ের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কেরানীগঞ্জে কোন মাদক, চাঁদাবাজি ও ভূমি দস্যুতা থাকবে না। মাদক সমস্ত অপকর্মের হোতা। মাদক সংসারকে ধ্বংস করে। মাদক সংসারকে অকার্যকর করে। সংসার অকার্যকর হলে রাষ্ট্রও অকার্যকর হয়। তাই কেউ মাদক সেবন করলে, মাদক বিক্রি করলে, চাঁদাবাজি করলে ও ভূমিদস্যুতা করলে সে বিএনপি’র লোক হলেও তাকে পুলিশে সোপর্দ করবেন।
ফাইনাল খেলার ফলাফল নির্ধারিত সময়ের খেলায় মালকাদির মাস্টার গ্রাম বয়েজ ক্লাব ২-১ গোলে পাঁচদোনা ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেন আমান উল্লাহ আমান।
আঁটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী তারেক ইমাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ দলীয় নেতৃবৃন্দ।








