নিজস্ব প্রতিবেদক
ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে একসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া-কে বাড়িছাড়া করা হয়েছিল। তবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আজ সেই শক্তিরাই দেশছাড়া হয়েছে।
সোমবার (১ জুন) বিকেলে ঢাকার কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ইউনিয়নের আকছাইল মাঠে আয়োজিত ‘আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। টুর্নামেন্টের আয়োজন করে আকছাইল স্পোর্টিং ক্লাব।
আমানউল্লাহ আমান বলেন, যারা একসময় বেগম খালেদা জিয়াকে বাড়িছাড়া করেছিলেন, তারাই আজ দেশছাড়া। খালেদা জিয়াকে বাড়িছাড়া করা হয়েছিল রাজনৈতিক প্রতিহিংসা থেকে। কিন্তু জনগণ গণঅভ্যুত্থানের মাধ্যমে তার জবাব দিয়েছে।
তিনি আরও বলেন, জনগণ ভোটের মাধ্যমে পরিবর্তনের পক্ষে রায় দিয়েছে এবং সেই রায়ের প্রতি সম্মান জানিয়েই নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে বেশ কিছু প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি প্রতিশ্রুতিও বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, বিগত সময়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে দেশের গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিরোধী নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। তবে জনগণের শক্তির কাছে অন্যায় কখনো টিকে থাকতে পারে না।
এসময় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, মাদক সমাজ ও পরিবার ধ্বংস করে দেয়। কেরানীগঞ্জে কোনোভাবেই মাদকের বিস্তার হতে দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে সমাজের সব শ্রেণিপেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।








