বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি যুবকের

CREATOR: gd-jpeg v1.0 (using IJG JPEG v80), quality = 80

আন্তর্জাতিক ডেস্ক
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়ায় বিয়ের দাবিতে পানির ট্যাঙ্কে উঠে আত্মহত্যার হুমকি দিয়েছেন এক যুবক। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে। যদিও সিনেমার দৃশ্যের মতো এই ঘটনায় ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা চালিয়ে শেষ পর্যন্ত যুবককে নিচে নামাতে সক্ষম হয় পুলিশ ও দমকলকর্মীরা।

জানা যায়, রোববার (১২ এপ্রিল) পুরুলিয়া শহরের দুলমি এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা দেখতে পান, একটি উঁচু পানির ট্যাঙ্কের মাথায় দাঁড়িয়ে চিৎকার করছেন এক যুবক। তার একটাই দাবি, তিনি বিয়ে করতে চান। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে এবং ঘটনাস্থলে জড়ো হন শত শত মানুষ।

জানা গেছে, ওই যুবকের নাম আব্বাস আনসারী (২২)। তিনি পুরুলিয়া মফস্বল থানার রামপুর গ্রামের বাসিন্দা। পরিবারের সদস্যদের দাবি, সম্প্রতি তার মধ্যে বিয়ের প্রতি প্রবল আগ্রহ তৈরি হয়। বাড়ির লোকের কাছে বারবার দাবি জানিয়েও যেন তর সইছিল না তার।

এ নিয়ে তিনি বারবার পরিবারের কাছে দাবি জানালেও সেদিন সকালে কাউকে কিছু না জানিয়েই দুলমি এলাকায় গিয়ে পানির ট্যাঙ্কে উঠে পড়েন।

সেখান থেকেই শুরু হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরুলিয়া সদর থানার পুলিশ ও দমকলকর্মীরা। নিচে দাঁড়িয়ে তার বাবা হাবিব আনসারী ছেলেকে নামানোর জন্য অনুরোধ করেন।

তিনি জানান, পরিবার বিয়ের বিষয়ে সম্মত ছিল, তবে এমন পরিস্থিতির সৃষ্টি হবে তা তারা ভাবেননি। তার ভাষায়, ‘ছেলে বিয়ের দাবি করছিল। আমরাও বলেছিলাম বিয়ে দেব। কিন্তু আজ সকালে দেখি ও এই কাণ্ড করে বসে আছে।’

দীর্ঘ সময় ধরে চলে টানাপোড়েন। একদিকে ট্যাঙ্কের ওপর দাঁড়িয়ে যুবকের ঝুঁকিপূর্ণ অবস্থান, অন্যদিকে নিচে জমে ওঠা জনতার ভিড়— সব মিলিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় প্রশাসনকে। শেষ পর্যন্ত অনেক বিয়ের আশ্বাস দিয়ে আব্বাসকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়।