ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জে পাওনা টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে জাহাঙ্গীর হোসেন (৪০) নামে এক ব্যক্তি ছুরিকাঘাতে নিহত হয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় হুমায়ুন কবিরকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ।

আজ রবিবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী গোল্ডেন কমিউনিটি সেন্টারের সামনে এই ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ৪ হাজার ২০০ টাকা পাওনা টাকার বিষয়ে আজ সকালে নিহত জাহাঙ্গীর ও আটক হুমায়ুন কবিরের মধ্যে কথা কাটাকাটি হয়।
অভিযোগ রয়েছে জাহাঙ্গীর টাকা পরিশোধের কথা বলে বারবার সময় ক্ষেপণ করছিল। আবারও বিকেলে একই বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হুমায়ুন তার কোমরে থাকা ছুরি বের করে জাহাঙ্গীরের পেটে একাধিক আঘাত করে।

এ সময় স্থানীয়রা ছুরিসহ হুমায়ূনকে আটক করে পুলিশের সোপর্দ করে এবং জাহাঙ্গীরকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসক জানান অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে মেডিকেলে আনার সময়ই জাহাঙ্গীরের মৃত্যু হয়।

কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস জানান, সংবাদ পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে গিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও ঘাতককে আটক করে পুলিশ হেফাজতে নিয়েছে। আরেকটি টিম লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেরানীগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

২৫ মে ২০২৬

ঢাকার কেরানীগঞ্জে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ১

voiceofkeranigonj.com