রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় ডাকাতি ও হামলার প্রস্তুতিকালে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ ছিনতাই চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) মধ্যরাতে রাজধানীর মোহাম্মদপুরের শেখেরটেক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে আদাবর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেখেরটেক ৭ নম্বর রোড ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের ‘ভাইস্তা বিল্লাল’ গ্রুপের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে কিশোর গ্যাংয়ের সদস্য কুত্তা ফারুকও রয়েছে।

এসময় ছিনতাইচক্রের সদস্যদের কাছ থেকে চাপাতি, সামুরাইসহ বেশ কয়েকটি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ। পরে আসামিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণের জন্য থানা হেফাজতে নেওয়া হয়।

এদিকে ছিনতাই চক্রের সদস্যদের গ্রেপ্তারের খবরে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় বাসিন্দা ও ভুক্তভোগীরা। এসময় নিজেদের সঙ্গে ঘটে যাওয়া নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার বর্ণনা দেন তারা। তবে পুলিশের অভিযানে গ্রেপ্তার হলেও আসামিরা কিছুদিন পরই জামিনে মুক্তি পেয়ে আবারো একই অপরাধে জড়িয়ে পড়ে বলে আক্ষেপ স্থানীয়দের।

আদাবর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুর রহমান জানান, অপরাধ সংঘটনের আগেই অভিযান চালিয়ে পুরো চক্রটিকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত।

একটি মুরগির খামারে ডাকাতির পরিকল্পনা ছিল চক্রটির উল্লেখ করে তিনি আরও জানান, গত ৩ মে কিশোর গ্যাং নেতা ভাইস্তা বিল্লাল ও মউরা সোহেল গ্রেপ্তারের প্রতিশোধ নিতে পুলিশের সোর্সের ওপর হামলারও পরিকল্পনা করছিল তারা। এ উদ্দেশ্যে স্থানীয় সহযোগীদের পাশাপাশি শরীয়তপুর ও মাদারীপুর থেকে ভাড়াটে সন্ত্রাসী আনা হয়েছিল।

 

Share this news as a Photo Card

০৯ জুলাই ২০২৬

রাজধানীতে শীর্ষ সন্ত্রাসী ‘কুত্তা ফারুক’সহ গ্রেপ্তার ৭

voiceofkeranigonj.com