বলিউডে নিষিদ্ধ রণবীর সিং!

বিনোদন ডেস্ক
ভারতীয় চলচ্চিত্র জগতের সুপারস্টার রণবীর সিংয়ের সঙ্গে কাজ না করার ঘোষণা দিয়েছেন বলিউডের চার লাখের বেশি অভিনেতা ও কলাকুশলী। অভিনেতা ও টেকনিশিয়ানদের অন্যতম বৃহৎ সংগঠন ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই) সোমবার, ২৫ মে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে।

বিতর্কের সূত্রপাত ‘ডন ৩’ সিনেমা ঘিরে। রণবীর সিং শেষ মুহূর্তে ছবিটি থেকে সরে দাঁড়ানোর পর প্রযোজনা প্রতিষ্ঠান ও নির্মাতারা তার বিরুদ্ধে আর্থিক ক্ষতি এবং চুক্তিভঙ্গের অভিযোগ তোলেন। ফেডারেশন জানিয়েছে, গত তিন বছর ধরে এই ছবিটি তৈরির প্রক্রিয়া চলছিল।

সংগঠনটির সভাপতি অশোক পণ্ডিত দাবি করেন, এফডব্লিউআইসিই বিষয়টি নিয়ে অভিনেতার সঙ্গে যোগাযোগ করে। প্রথমে রণবীর তাদের চিঠির জবাব দেননি। পরে ই–মেইলে তিনি জানান, এটি মূলত চুক্তিগত বিরোধ, তাই এফডব্লিউআইসিইয়ের এ বিষয়ে হস্তক্ষেপ করার এখতিয়ার নেই।

এরপরই প্রকাশ্যে আসে ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজের ‘নন-কো-অপারেশন ডিরেকটিভ’। এর অর্থ, সংগঠনের আওতাভুক্ত সদস্যদের রণবীর সিংয়ের সঙ্গে কোনো প্রকল্পে কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ, বলিউডে তাকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়েছে।

‘ডন থ্রি’ ছবিটি জনপ্রিয় ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ছবি হওয়ার কথা। এই ছবিতে রণবীর সিং নতুন মুখ হবেন বলে জানানো হয়েছিল। যদিও ছবিটির শুটিং এখনও শুরু হয়নি, নির্মাতাদের দাবি, ইতোমধ্যে প্রি-প্রোডাকশন পর্যায়ে ভারতীয় মুদ্রায় ৪৫ কোটির বেশি টাকা ব্যয় হয়ে গেছে।

তবে রণবীর সিং ঠিক কী কারণে ‘ডন ৩’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। তবে ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘স্ক্রিপ্ট পছন্দ না হওয়ায়’ তিনি এই প্রজেক্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন।

এদিকে রণবীরের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, রণবীর পুরো চলচ্চিত্র অঙ্গন এবং ‘ডন ৩’–এর সঙ্গে যুক্ত সবার প্রতি সর্বোচ্চ সম্মান পোষণ করেন। সাম্প্রতিক বিষয় নিয়ে তিনি ইচ্ছাকৃতভাবেই নীরব রয়েছেন। তার বিশ্বাস পেশাগত আলোচনা ও ব্যক্তিগত সম্পর্ক মর্যাদার সঙ্গে এগুলো সামলানো উচিত।

বিবৃতিতে আরও বলা হয়, রণবীর কোনো ধরনের অনুমানভিত্তিক বিতর্কেও জড়াতে চাননি। বর্তমানে তার পুরো মনোযোগ কাজ এবং সামনে থাকা প্রতিশ্রুতিগুলোর দিকেই।

Share this news as a Photo Card

২৭ মে ২০২৬

বলিউডে নিষিদ্ধ রণবীর সিং!

voiceofkeranigonj.com