কেরানীগঞ্জে কুসুম বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
ঢাকার কেরানীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণসহ বিভিন্ন অনিয়মের দায়ে কুসুম বেকারি অ্যান্ড কোম্পানিকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৭ অক্টোবর) কেরানীগঞ্জ মডেলের পশ্চিম কালিন্দীর ব্রাহ্মণকিত্তা এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপ।

অভিযানকালে বেকারির মেঝে, সিঁড়ি, দরজা-জানালা ও খাদ্যপণ্য তৈরির যন্ত্রপাতি অত্যন্ত নোংরা ও অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। এ ছাড়া রেফ্রিজারেটরে কেক ও কাঁচা মাংস একসঙ্গে সংরক্ষণ এবং লেবেলবিহীন কেক, বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য মজুত রাখার প্রমাণ পাওয়া যায়।

এ সময় প্রতিষ্ঠানটি হালনাগাদ ফায়ার লাইসেন্স, প্রিমিসেস লাইসেন্স, খাদ্যকর্মীদের স্বাস্থ্য সনদ, পেস্ট কন্ট্রোলের প্রমাণপত্র এবং পানি পরীক্ষার সনদ দেখাতে ব্যর্থ হয়।

অভিযানে এসব অনিয়মের বিষয়টি সামনে আসার পর ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেন।

খাদ্যপণ্যের মান ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান জনস্বার্থে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সচেতন মহল।

Vok/lh/

Share this news as a Photo Card

২৮ অক্টোবর ২০২৬

কেরানীগঞ্জে কুসুম বেকারিকে ৩ লাখ টাকা জরিমানা

voiceofkeranigonj.com